
সদ্য সমুজ্জ্বল-এর গুচ্ছ কবিতা
আকাঙ্ক্ষার চোরা স্তূপ
‘আরেকটি প্রভাতের ইশারায়’ মানুষ জ্বলে উঠলে
মেঘ গলে গেলে—স্মরণ হয় মনাতীত প্লাবন,
কাশ আর আকাশের মিলিত রূপে আদিরস ঢুকে পড়ে
গভীরে, এই জন্মসূত্র—তবু সবাই জনক নয়
মাস্তুলভাঙা দেহ, মজ্জা এলোমেলো—সঞ্চিত ক্রীতদাস
ছত্রাকে গড়া ভাব, প্রসারিত অথচ অপাঙক্তেয়;
বিস্তৃত চৈতন্যে সব-কেন্দ্রিক সুবিধা, আকাঙ্ক্ষা-বোধ
বিভ্রান্তির চোরা স্তূপ, বন্দি-মানস, আচরণে কামনা অক্লান্ত
ঘুমন্ত পাড়ার ক্রন্দন
যতটা আশা তার অধিক গণক্ষোভ—লোভ
জড়ো হয় বড়ো হয়
হাজার মানুষের লাঠালাঠি—
হাসি ও কান্নায়
আধা খুশি, আধা ব্যথা, আধা পূর্ণ মানবতায়
ছেলে ঘুমাল পাড়া জুড়াল মার্কিন এলো দেশে
সত্য পুষ্ট, প্রবেশ অবাধ—নাচিতেছে সাম্রাজ্যবাদ
সোনালি সাহস দরিদ্র গতরে টেকে না, বিলায় না ওম
উষ্ণতা ছাড়া কী হবে পাকা শরীর দিয়ে
চেতনাপ্লাবন
মনোবায়ু ওড়ে দর্শনে, বর্ষণে আশালয়
তত্ত্বপ্লাবণে ভেসে যাচ্ছে হাততালি চর্চা করা
সমস্ত ট্র্যাজিক মুখ
ইডিপাসের ঘুম নেই বহুকাল
ভ্রমণ-সংঘাতে গড়ে ওঠে রূপের সংকলন
অলক্ষে পতন
যুদ্ধকালীন প্রতিউক্তি ছিলো নাটকীয় এবং
মোহনবাঁশি উড়ে যাচ্ছে সূর্যের গতিপথে
না-যুক্তির সাধ্যসর্বস্ব চেষ্টায় নির্মিত হচ্ছে ভাস্কর্য
প্রাণভিন্ন যাত্রায় নেই বসন্তপ্রবাহ
সওদাগরের ডিঙা ভেসে গেছে, ভেঙেছে আয়না
নুরানি পায়ে জ্বলে আছে নক্ষত্র
কাল ও আকালের যাত্রায় কচু ফুলে রাঙাচ্ছি প্রাণচেতন
বিভ্রান্ত প্রার্থনা
ঈষৎ ব্যবচ্ছেদ শেষ করে
তড়িৎ প্রবাহে
আসন্ন দিনের হিসেব করতে গিয়ে
সংবৃত হতে থাকে গৃহযুদ্ধ,
হে রামকৃষ্ণ
প্রবৃত্তির বিপর্যয়ে বলতে পারি না—টাকা মাটি
বেঁচেবর্তে থাকার করুণ নিকেশ পাল্টে
আমাদের গৃহের মাটিটুকু করে দাও—
টাকা…
…টাকা
অন্তর্গত যাত্রা
নিজেকে হত্যা করা কোনো বিলাসিতা নয়
বারবার মৃত্যুর মাঝে আছে নতুন জীবনের স্বাদ,
মৃত্যুঞ্জয়ের উপলব্ধি
নিজের সঙ্গে কথপোকথন
জীবন থেকে পালাতে না চাইলে মরতে হবে,
কারণে-অকারণে
মধ্যরাত কিংবা মধ্যদুপুর মৃত্যুর উপযুক্ত সময়
মায়াদহন
ভালোবাসা ভাগ হলে ভাগ হয় মুখ
মড়কের মতো হানা দেয় ‘সুখের অসুখ’
জ্যোতির আড়ালে বাড়ে স্বরের মহল, জেগে ওঠে
বুকে লাঙলের ফলা, কষে চলে রতি-যন্ত্রণা-সুখ
পাত্র ধারণ করে পাত্রী অশেষ, বাড়ে মদ্যপীড়া
পালঙ্ক কিংবা পালকি বদলে দেহের বদল হয় না
বদলায় মোহ, বদলায় মোহনা
মোনালিসা মরে জন্মায় মেনিলা কিংবা মিরানা
কবি পরিচিতি :
সদ্য সমুজ্জ্বল
মা: ঊষা রানী সরকার; বাবা: বাসুদেব সরকার; জীবনসাথি: নীলিমা নূর।
জন্ম: ১৯ সেপ্টেম্বর ১৯৮৭; খুলনার পাইকগাছায় মামার বাড়িতে।
পৈতৃক নিবাস: মনোহরপুর, মনিরামপুর, যশোর।
বেড়ে ওঠা: নড়াইল সদর।
সম্পাদনা: সাহিত্য পত্রিকা ‘ঘরামি’।
পড়ালেখা: অনার্স করেছেন বাংলা ভাষা ও সাহিত্যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। মাস্টার্স পড়াকালীন বিশ্ববিদ্যালয় ত্যাগ। নয় বছর পর সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। এক যুগের অধিক সময় রাজধানীতে বসবাস। পেশা হিসেবে বেছে নিয়েছেন সম্পাদনা। বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা সংস্থা অনুপ্রাণন প্রকাশনে সহকারী সম্পাদক হিসেবে কর্মরত।
