অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
August 21, 2026
August 21, 2026

চঞ্চল নাঈম-এর গুচ্ছ কবিতা

চঞ্চল নাঈম-এর গুচ্ছ কবিতা

নিঃশব্দ গণনা

হৃদয়ের গাণিতিক উত্থান-পতন
কেউই সংখ্যায় গণনা করে না
তবু

উপমা-উৎপ্রেক্ষায়
সবকিছু গোনা হয়

শ্বাসের ভেতর
অদৃশ্য হিসাব
কিছু একটা কমে
কিছু একটা বাড়ে

জীবন-বিয়োগ
ধীরে ধীরে
সংখ্যায় ভাঙে

কাগজেও লেখা হয় না তা
যেন
ফলাফল তৈরি হয়

শব্দের ছায়া

প্রতিটি শব্দের একটি ছায়া থাকে
যা কখনো উচ্চারিত হয় না, গুরুত্বে—
সেই ছায়াতেই সরল লুকিয়ে থাকে
তার আসল-নকল অর্থ

আমি যত স্পষ্ট বলি
তত কিছুই হারিয়ে যায়
যেন ভাষা সবসময়ই
অর্ধেক সত্য বহন করে

পূর্ণ সত্য কোনো ভাষায়ই অনুবাদ হয় না কখনো

ছায়া-কারখানা

ঘড়ির ভেতর এক গোপন কারখানা
সেখানে সময় গলে হয়ে যায় ছায়া—
আমরা সেই ছায়া পরে হাঁটি
ভাবি—এটাই আমাদের শরীর

ভোরে সূর্য আলোর ইউনিফর্ম দেয়
রাতে অন্ধকার সমস্ত হিসাবে বসে—
কে কতটা নিজেকে ভুলে থাকে

আমরা দিকভ্রান্ত নৌকা
প্রতিটা আয়নায় নিজেকে দেখি—
তবু বিশ্বাস করি না

সবকিছু খাঁচায় ভরে রাখি
ভালোবাসা, ভয়, ইচ্ছে, বিষাদ-সমূহ
যেন খাঁচাটা ভেতরে
চাবিটা আমাদের হাতেই

সময় থামলেও কারখানা থামে না
কারণ তখনই জন্ম নেয়
সবচেয়ে বড় ছায়া—
যেটা কোনো আলোয় মাপা যায় না

দড়ির গিঁট

একটা অচেনা জট—
সহজে খোলে না

টান দিলে
আরও শক্ত হয়

—ধৈর্য ছাড়া
তা খোলা যায় না

কিছু জট
অবুঝ বলপ্রয়োগে নয়
বোঝাপড়ায় নীরবে খোলে

নামের ভাঙন

আমি আমার নামটি খুলে দেখি
ভেতরে কোনো মানুষ নেই—
শুধু কিছু উচ্চারণের অসংখ্য অভ্যাস ছাড়া
কিছুই পাইনি

তুমি আমাকে যেভাবে ডাকো
আমি ততটাই হয়ে উঠি
এমনকি নিজের কাছে ফিরতে গেলে
আমাকে নীরবে সব ডাকা ভুলে যেতে হয়

যেন পরিচয় তাৎপর্যে নিজেকে পাওয়া নয়
বরং নিজেকেই হারানোর আরেকটি সরল কৌশল

ভুল সময়ের সাক্ষাৎ

আমরা ঠিক সময়ে দেখা করি না
সবসময় একটু আগে বা পরে—
সেই ফাঁকেই তৈরি হয়
আমাদের সমস্ত অমিল

তুমি যখন পৌঁছাও
আমি তখন নির্জনে চলে যেতে থাকি
আমাদের মিলন-সমূহ
শুধুই স্মৃতির মধ্যে জড়ো হতে থাকে

এমনকি আমরা কখনোই একসাথে নই
যেন একসাথে থাকার ধারণায় আছি

ছায়ার অনুবাদক

আমার ছায়া আমার চেয়ে ভালো অনুবাদ করে
সে জানে আলোকে কীভাবে ভাঙতে হয়, পড়তে হয়
আমি যা লুকাই
সে তা মাটিতে লিখে রাখে

যত সোজা হয়ে দাঁড়াই
সে তত বিকৃত হয়ে পড়ে
তবু তার বিকৃতিই
আমারই আসল আকৃতি

সত্য সবসময় একটু বাঁকা হয়ে নিভৃতে প্রকাশ পায়

 

Read Previous

তানভীর আহমেদ হৃদয়-এর গুচ্ছ কবিতা

Read Next

এমরান কবির-এর গুচ্ছ কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *