অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
September 6, 2026
September 6, 2026

রথীন পার্থ মণ্ডল-এর যুগল কবিতা

রথীন পার্থ মণ্ডল-এর যুগল কবিতা

ঘরের ভেতর ঘর

ঘরে ঢুকলেই ঘর
আমার কাছে জানতে চায়
ফিরে আসার কারণ

কীসের আশায় কার জন্য
ফিরে আসতে হবে ঘরে
এসব প্রশ্নও বড় বিদ্ধ করে

এমন অনেক প্রশ্ন শুনতে হয়
যার উত্তর দিতে
ফিরতে হয় ঘরের কাছেই

জানো,
এই প্রশ্নোত্তরের খেলায়
ঘরে বাইরে আসা যাওয়ার পালায়
মান অভিমান জমতে জমতে
খোলা আকাশের নিচে
এখন নিজেই নিজের ঘর হয়ে উঠি।।

 

মাঝদরিয়া

রাত্রির বুক চিরে নেমে আসে মেঘ
তোমার ভালোবাসামাখা হাতের স্পর্শে
একদিন ভেঙেছিল ঘুম।
ঘুম ঘুম চোখে দেখেছিলাম
তারাদের আনাগোনা,
তুমি তো ছিলে আমারই পাশে
হাতে হাত রেখে…
দমকা হাওয়ায় নিভে গেল সব
অন্ধকারে তোমার হাত হাতড়াতে হাতড়াতে
মাঝদরিয়ায় ভেসে চলি
কিনারার খোঁজে।

 

কবি পরিচিতি
রথীন পার্থ মণ্ডলের জন্ম ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান শহরের রাধানগর পাড়ায়, ২১ জুলাই ১৯৯১ সালে। মায়ের অনুপ্রেরণায় সাহিত্যজগতে পদার্পণ করেন। প্রথম লেখা প্রকাশিত হয় বর্ধমান জাগরণী পত্রিকায়। তারপর থেকে লেখার যাত্রা বহমান।
প্রকাশিত গ্রন্থ : প্রেমসুধা (২০২০), এক ডজন অণুগল্প (২০২৪), অভিমানী চিরকুটের খোঁজে (২০২৫), স্মরণপাখির আঁচলডানা (২০২৬)।

যোগাযোগ : +918509088670

 

Read Previous

রীনা তালুকদার-এর যুগল কবিতা

Read Next

মো. আবদুল মতিন-এর যুগল কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *