অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
August 21, 2026
August 21, 2026

আকিব শিকদার -
এক হাতে কাঁচা আম, মুঠোফোন অন্য হাতে

এক হাতে কাঁচা আম, মুঠোফোন অন্য হাতে

মেয়েটা হয়তো বলছিল কথা তার প্রেমিকের সাথে
খড়ের গাদায় হেলান দিয়ে বসে, নির্জন তটে
মুখে তার সূর্যের আভা, ঠোঁটে তার হালকা হাসির ভাঁজ
জিহ্বাতে টক খাওয়া টংকার, সাথে চুমুর আওয়াজ
টক খেতে খেতে চুমু বিনিময় মজারই বটে।

আমার চোখে চোখ পড়তেই পালিয়ে গেল সে লজ্জাতে
এক হাতে কাঁচা আম, মুঠোফোন অন্য হাতে।

 

ঢাক বাদকের ঢাক

ঢাক বাদক!
     বাজাও তোমার ঢাক—
         বটতলাতে এসেছে বৈশাখ।

তোমার ঢাকের সপ্তমধুর তাল
     আনুক ডেকে নতুন দিনের শুরু
         পুরোনো সব জীর্ণতা আর আবর্জনার পাল
                    এক নিমেষেই হোক না উড়ুউড়ু।

ঢাক বাদক!
    রাখো হাতে কাজ—
        ঢাক বাজানোর সময় এল আজ।

ভাবুক সবাই কালবোশেখির কাল
      বজ্র বুঝি ডাকছে গুরুগুরু
          ঘুমিয়ে যারা রইল চিরকাল
              হৃদয় তাদের কাঁপুক থরোথরো।

ঢাক বাদক!
   দুঃখের নিপাত যাক—
        সুখ সমুদ্রে জোয়ার তুলুক ঢাক।

 

Read Previous

সম্পাদকীয়, শিল্প-সাহিত্যের অন্তর্জাল অনুপ্রাণন ৬ষ্ঠ সংখ্যা

Read Next

আবু আফজাল সালেহ – যুগল কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *