অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
August 21, 2026
August 21, 2026

ঝুটন দত্ত -
ঝুটন দত্তের যুগল কবিতা

সভ্যতার লাঙ্গল
হারিয়েছি বহুবার আমি প্রচলিত ধারায়
চিরায়ত পথের বাঁকে ডেকে যায় বনমোরগ,
ঘোলাটে চোখের আকাশ থেকে
ঝরে পড়ে চৈত্রের বৃষ্টি অবিরাম।
অরণ্য গভীরে নেচে যায়
ঝুঁটি তুলে সময়ের ময়ূরী,
বড়ো বিস্ময় জাগে !
বিস্তৃণ ফসলের মাঠে চাষ হয় সনাতন পদ্ধতির,
গরুর কাঁধে ভর করে আজও চলে আমাদের সভ্যতার লাঙ্গল-জোয়াল।

অভিসার
স্বচ্ছ কাঁচের মতো হৃদয়ে
ঢেউ খেলে যায় নদীর জল;
কিনারে দাঁড়িয়ে দেখে আড়চোখ,
অস্ফুট সময়ের লুকোচুরির
আঁকিবুঁকিতে গড়া বেদনার রংমহল।
যান্ত্রিক সভ্যতার লাগাম ধরে আছে দানবেরা,
যন্ত্রণাকে দিলাম ছুটি ছলনার নাগ পাশ থেকে।
রাতভর দেহ তীরে বয়ে যায় গোপন অভিসার,
কৃষ্ণ সাগরের অতল জোছনায়
কেবলি তোমার অনুসন্ধানে।

Read Previous

মিলি রায়ের যুগল কবিতা

Read Next

অনন্ত পৃথ্বীরাজ-এর যুগল কবিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *