অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
August 21, 2026
August 21, 2026

মণীষ চক্রবর্তী -
অভিজ্ঞানশকুন্তলম্

জানি তুমি ডাকবে না

তবুও আমার কানদুটো পিছুডাক শুনতে চেয়েছিল।

জানি তুমি একটু একটু করে ভেঙে যাচ্ছ ভেতর থেকে

তবুও মুখ ফুটে বলবে না কখনও ‘ফিরে এসো’।

জানি দোতলার জানালার শিক দুটো ধরে চেয়ে থাকবে অনন্তকাল

এটা জেনেও যে আমি আর ফিরব না কখনও।

তোমার উঠোন থেকে যে আধখাওয়া রোদটা নিয়ে এসেছিলাম

সেটা রেখে গেলাম তোমার স্টিমারঘাটে।

তুমি তো জানো যে তুমি ছাড়া পৃথিবীর বুকে

আমার আর কোন ঠিকানাই নেই।

এই পৃথিবীর কোটি কোটি শরণার্থীর ভিড়ে

একদিন নাহয় আমিও হারিয়ে যাব।

একটাই ছোট্ট অনুরোধ রেখে গেলাম,

প্রতিদিন ভোরে সূর্যের হাতে ‘কেমন আছ’ জানিয়ে

একটা অন্তত চিঠি দিও।

আমি ঠিক পড়ে নেব বিকেলের পড়ন্ত সূর্যের আলোয়।

ইচ্ছে হলে সন্ধ্যার আঁধারে তোমার ঘরের পশ্চিমের

জানালাটা খুলে দেখে নিতে পারো।

জোনাকিদের কাছে ঠিক

পেয়ে যাবে আমার টিকে থাকার সংবাদ।

 

Read Previous

ঈর্ষা

Read Next

শিল্প-সাহিত্যের অন্তর্জাল, অনুপ্রাণন, ৬ষ্ঠ সংখ্যা (জুন-২০২৪)

One Comment

  • অশেষ ধন্যবাদ ও শ্রদ্ধা জানবেন সম্পাদক মহাশয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *