
রুদ্র সাহাদাৎ-এর যুগল কবিতা
কোথাও কোনো অভিযোগ নেই জমা
জটিল ব্যাকরণ জীবনের পথে পথে
স্বার্থে অন্ধ নিকটতম স্বজন
জ্যামিতির হিসেব বুঝে না পাগলা মন
মৈনাক পর্বতের পাদদেশে বসে থাকি
দিন দুপুর রাতদুপুর কানে বাজে নূপুর
লাল কাঁকড়া দেয় দৌড়, বুঝে না বুঝে
আমিও দৌড়াই বুঝে না বুঝে
জীবন সংজ্ঞা কোনোকালেই মগজে ধরে না
সম্পর্কহীন সম্পর্কে ভালো আছি
কোথাও কোনো অভিযোগ নেই জমা…
মানুষ মূলত একা…
সবাই ছাড়ে দুঃখ ছাড়ে না আর কোনোকালে
রবিবার যায় সোমবার যায়
আসে আরেকটা দিন নতুন ভোর
আসে নববর্ষ—হ্যাপি নিউ ইয়ার
একে একে সবাই চলে যায়—কারও কারও নীরব প্রস্থান
একে একে সবাই চলে যায়—আকস্মিক নতুন কথা নতুন গান
সবাই ছাড়ে দুঃখ ছাড়ে না আর কোনোকালে
মানুষ মূলত একা—একা শুধুই একা
নিঃস্ব রিক্ত ধূসর বটগাছের মতো
সবচেয়ে বেশি হয় কথা নিজের সাথে নিজেই
একা একাকী জেগে জেগে বেঁচে থাকা
