
রীনা তালুকদার-এর যুগল কবিতা
বাউলি বাতাসের বাওকুমটা
যতই কাছে থাকি দুরত্ব লম্বা হয়
সর্ষের হলুদ আসতে যত দেরী
অকাজেও ব্যস্ততা ব্যাপক বাণিজ্যিক
হৃদয়ের সিঁড়ি বেয়ে কে কখন নেমে যায়
সে শুধু অন্তর্জামিই জানে সঠিক
মিছেই জোড়াতাড়ি দেয়া ডুগডুগি
নাটাইয়ের এ প্রান্ত যতই শক্ত বাধন
ও প্রান্তে বাউলি বাতাসের বাওকুমটা।
বয়েস বাড়ে না আমার!
বৃষ্টি সে তো বৃষ্টি নয়
চতুর্দশী আগুন জ্বালা
পাহাড় জুড়ে উপত্যকার আইল ধরে
বেয়ে নামা স্রোতের ঝলক
মৃত্তিকার গুহা গাত্রের দেয়াল জুড়ে
শারদ ঋতুর ছবি আঁকা
সোনালুর ঝাকড়া মাথায়
হলদিয়ার উৎসব মাখা
ষড়ঋতু চরিত্রহীন চরিত্রে
এই শরতে আকাশ কেঁপে জল ঝরিয়ে
পাগলা হাওয়ার উনুন তাপা তপ্ত দুপুর
রোদের গায়ে ওম ঢেলে দিগুন তেজে
আমন্ত্রণে নিমন্ত্রণে কাছে ডাকে
আর তখনই…
অই বুকে… মাথা রাখলেই…
বয়েস বাড়ে না আমার!
কবি পরিচিত :
নব্বই দশকের কবিতা কর্মী, প্রাবন্ধিক। মহাসচিব- অনুপ্রাস জাতীয় কবি সংগঠন। বিভাগীয় সম্পাদক : অনুপ্রাস সাহিত্য পাতা-দৈনিক স্বদেশ বিচিত্রা ও সাপ্তাহিক কালধারা। সহযোগী সম্পাদক : শিরদাঁড়া। বিভাগীয় সম্পাদক (কবিতা)- শব্দকথন। বাংলাদেশ প্রতিনিধি : মননস্রোত (ত্রিপুরা, ভারত)।
দায়িত্ব পালন করেছেন : বিভাগীয় সম্পাদক : অনুপ্রাস সাহিত্য পাতা দৈনিক নব অভিযান, বার্তা সম্পাদক- দৈনিক হাতিয়া কণ্ঠ ।
মা- আনোয়ারা বেগম। বাবা- মো: আবদুল করিম। পড়াশুনা- এমএ। জন্ম- ২১ আগস্ট ১৯৭৩, মন্নান তালুকদার বাড়ি, গ্রাম- ফতেপুর, থানা- রামগঞ্জ, জেলা- লক্ষ্মীপুর, বাংলাদেশ।
প্রকাশিত কাব্যগ্রন্থ- ১৬টি, গবেষণা প্রবন্ধগ্রন্থ- ২টি (বিজ্ঞান কবিতার ভাবনা ও কাব্য কথায় ইলিশ), সম্পাদনা কাব্যগ্রন্থ-১টি, সহযোগী সম্পাদনা (বিষয়ভিত্তিক)- ১২টি। যৌথ প্রকাশিত গ্রন্থ-অসংখ্য। জাগ্রত ছোটো কাগজের সম্পাদক। বর্তমান সময়ে তিনি বিজ্ঞানের সমন্বয়ে কবিতাকে নতুনত্ব দিয়েছেন। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হয় নব্বই দশকে। লেখালেখির জন্য বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্মৃতি ফাউন্ডেশন- মহান বিজয় দিবস-২০১১ সম্মাননা, সাপ্তাহিক শারদীয়া কাব্যলোক বিশেষ সম্মাননা-২০১৩, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট কর্তৃক Peace and Harmony Foundation মুক্তিযুদ্ধ উৎসব সম্মাননা -২০১৮, অনুপ্রাস জাতীয় কবি সংগঠন সম্মাননা-২০১৮ ও লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ সম্মাননা-২০২২ পেয়েছেন।
যোগাযোগ : রীনা তালুকদার, ১/ই, রিজেন্সী টাওয়ার, ৭৩ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫, বাংলাদেশ।
ফোন : ০১৭১৬৬৭৬৩৫০ । ইমেইল-rinakobi@yahoo.com
