অনুপ্রাণন, শিল্প-সাহিত্যের অন্তর্জাল এ আপনাকে স্বাগতম!
এপ্রিল ২২, ২০২৬
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এপ্রিল ২২, ২০২৬
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শামীম সাঈদ -
অনুপ্রাণন প্রকাশন রাজশাহী বিক্রয় ও বিপণন শাখা উদ্বোধন

সাহিত্য-সংস্কৃতি সংবাদ

অনুপ্রাণন প্রকাশন রাজশাহী বিক্রয় ও বিপণন শাখা উদ্বোধন

শামীম সাঈদ

ঢাকা, চট্টগ্রামের পর রাজশাহীতেও যাত্রা শুরু করেছে অনুপ্রাণন প্রকাশন আউটলেট। গত ২০ এপ্রিল ২০২৬ মঙ্গলবার অনুষ্ঠিত হলো অনুপ্রাণন প্রকাশন রাজশাহী বিক্রয় ও বিপণন শাখার উদ্বোধন। এক মনোজ্ঞ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে মিলিত হয়েছিলেন কয়েকজন বিশিষ্ট নবীন-প্রবীণ গবেষক, লেখক, কবি ও অনুপ্রাণনের শুভানুধ্যায়ী⸺ যাদের কয়েকজনের বই প্রকাশ করেছে অনুপ্রাণন।

আবেগ টইটম্বুর গোধূলি-সায়াহ্নের এই হিরণ্ময় সমাবেশের সঞ্চালনা করেন শিল্প-সাহিত্যের ত্রৈমাসিক অনুপ্রাণন’র সম্পাদকমণ্ডলীর সদস্য প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক শামীম সাঈদ।

এই গুণী সমাবেশে অতিথিগণ অনুপ্রাণন সংশ্লিষ্টরা তাদের আবেগ ও অনুভূতির কথা ব্যক্ত করেন। ফোকলোরবিদ প্রফেসর আবুল হাসান চৌধুরী অনুপ্রাণন থেকে প্রকাশিত তার রম্যগদ্য-গ্রন্থ রঙ্গনামা প্রকাশ সংক্রান্ত অনুভূতি জানান এবং অনুপ্রাণনের জন্য সর্বান্তকরণে শুভকামনা ব্যক্ত করেন।

প্রাবন্ধিক মোহাম্মদ জয়নুউদ্দীন, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আবদুল মান্নান সরকার, কবি মাহবুব অনিন্দ্য বর্তমান বাংলাদেশে লেখালেখির সংকট, লেখকের আত্মপ্রকাশের তথা গ্রন্থ প্রকাশের বিড়ম্বনা ও লেখক-পাঠক উভয়ের পাঠবিমুখতার বিষয়ে কথা বলেন। অভিধানবিদ ও বৈয়াকরণ স্বরোচিষ সরকার তার বন্ধু-স্বজন ও স্নেহভাজন বেশ কয়েকজন তরুণ লেখকের গ্রন্থ প্রকাশ করায় অনুপ্রাণন প্রকাশনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বাংলাদেশে যেকোনো প্রকাশনা প্রতিষ্ঠানের টিকে থাকার বিরুদ্ধ প্রতিবেশ ও তার পরিপ্রেক্ষিতে টিকে থাকার সংগ্রাম সংক্রান্ত বাস্তবতার প্রতি আলোকপাত করেন; রাজশাহীতে অনুপ্রাণন যেন দীর্ঘস্থায়ী হয় সেই আশাবাদ ব্যক্ত করেন।

কথাসাহিত্যিক সাদিয়া সুলতানা জানান তার পেশাগত ও সমাজ-রাষ্ট্রিক বিরূপতার কারণে লেখা বিরতি ও পুনরায় ফিরে আসার কথা।

শাপলা সাদি জানালেন তার লেখক হয়ে ওঠার গল্প। তিনি জানালেন কফিনের মতো কাঠের সিন্দুক বা বাক্সে রাখা তার দাদির বইয়ের ভাণ্ডার থেকে পড়তে পড়তে কীভাবে তিনি লিখতে আগ্রহী হলেন এবং দাদির পীড়াপীড়িতে ও বন্ধুমহলের অনুরোধ-উপরোধে সেই লেখা প্রকাশের জন্য অনুপ্রাণনের আলোকদ্বারে পৌঁছালেন।

কথাসাহিত্যিক আব্দুল্লাহ আল বাকী পরিবারের বিরুদ্ধে গিয়ে পরিবারের প্রত্যাশিত ক্যারিয়ার গঠনে মনোযোগী না হয়ে লিখতে এসেছেন এবং অনুপ্রাণন পাণ্ডুলিপি পুরস্কার ২০২৫ বিজয়ী হয়েও সে আনন্দবার্তা পরিবারে না জানাতে পারার কষ্ট ও লুকিয়ে লেখার অপরাধবোধের কথা জানালেন। ক্যারিয়ারিস্ট না হয়ে লিখতে এসে আবদুল্লাহ আল বাকী কিংবা ব্যবসায় ও রাজনীতির ক্যারিয়ার বিসর্জন দিয়ে লিখতে আসা আবদুল মান্নান সরকার⸺ দুজনেই জানালেন তাদের গ্লানি ও ব্যর্থতাসূচক সার্থকতার কথা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন⸺ বিশিষ্ট গবেষক, অভিধানবিদ ও বৈয়াকরণ অধ্যাপক স্বরোচিষ সরকার, ফোকলোরবিদ অধ্যাপক আবুল হাসান চৌধুরী, প্রাবন্ধিক মোহাম্মদ জয়নুউদ্দীন, কবি ও গল্পকার মোস্তফা তারিকুল আহসান, গল্পকার ও প্রাবন্ধিক আবদুল মান্নান সরকার, গল্পলেখক ও প্রাবন্ধিক হিশাম মো. নাজের, ঔপন্যাসিক শাপলা সাদি, গল্পলেখক রেহানা বীথি; তরুণ কবি ও প্রাবন্ধিক সুমন শাম্‌স, কবি মাহবুব অনিন্দ্য, গল্পকার আব্দুল্লাহ আল বাকী, কবি আইনাল হক, কবি গোপাল রায় প্রমুখ। এই হার্দিক সম্মিলনের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন অনুপ্রাণন প্রকাশনের প্রকাশক ও সম্পাদক আবু মোহাম্মদ ইউসুফ।

অনুষ্ঠানে অনুপ্রাণন পরিচালন টিমের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প-সাহিত্যের ত্রৈমাসিক অনুপ্রাণন’র সহকারী সম্পাদক কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক শফিক হাসান, সহকারী সম্পাদক কবি সদ্য সমুজ্জ্বল, অনুপ্রাণন প্রধান কার্যালয়ের ম্যানেজার শাহীন আলম শেখ ও অনুপ্রাণন রাজশাহী বিক্রয় ও বিপণন কেন্দ্রের ম্যানেজার রিপন আলী। আরও উপস্থিত ছিলেন অনুপ্রাণন শুভানুধ্যায়ী গবেষক ড. নাসিমা খাতুন, চর্যা বঙ প্রমুখ।

দীর্ঘ প্রায় দুই ঘণ্টাকালের আবেগার্দ্র এই মিলনমেলার আপাত পরিসমাপ্তি ঘটে অনুপ্রাণন প্রকাশক আবু মোহাম্মদ ইউসুফ কর্তৃক আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন ও আবার মিলিত হওয়ার দৃঢ় প্রত্যয়ে বিদায়ী সম্ভাষণে।

অনুপ্রাণন প্রকাশক ও সম্পাদক জানান, পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরে অনুপ্রাণনের আউটলেট করা হবে। ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে আউটলেট স্থাপিত হয়েছে। পরিবেশ-পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীতে বরিশাল, সিলেট, খুলনা, ময়মনসিংহ, রংপুর বিভাগেও অনুপ্রাণন আউটলেট প্রতিষ্ঠিত হবে। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সহমর্মিতা প্রত্যাশা করেন তিনি।

Read Previous

অনুপ্রাণন প্রকাশন এর চট্টগ্রাম শাখা উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *